ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় ডিবির হাতে ভুয়া ডিবি কর্মকর্তা আটক

নেত্রকোনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মো. তাপস বেগ (৪০) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক।


এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে নেত্রকোনা পৌরশহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করে ডিবি।


ভুয়া ডিবি কর্মকর্তা তাপস বেগ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তারাকান্দি রাজিবপুর গ্রামের নূর নবী বেগের ছেলে। আটকের সময় তার গায়ে পুলিশের পোশাক ছিল। তার কাছ থেকে পুলিশের মনোগ্রামযুক্ত একটি চাবির ছরা ও অভিযোগকারীর দোকান থেকে ডিবি পুলিশের পরিচয়ে বাকিতে আনা একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।


অভিযোগকারী প্রিতুল দেবনাথ নামে এক ব্যক্তিকে হারানো মোবাইল উদ্ধার করে দেওয়ার কথা বলে দুই হাজার টাকা নেন তাপস। এরপর প্রিতুলকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যেতে বলেন তাপস। বিষয়টি নিয়ে প্রিতুলের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে জেলা ডিবি পুলিশের একটি দল ভুয়া ডিবি কর্মকর্তা তাপসকে আটক করে।


এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, আটক তাপস বেগ দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলার সাজা পরোয়ানা (ওয়ারেন্ট) ও আরও তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑